দায়িত্ব পালনকালে কাউকে মারধর নয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দায়িত্ব পালনের সময় পুলিশ কারও গায়ে হাত তুলতে কিংবা মারধর করতে পারবে না। কারও সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তিনি বলেন, কেউ পুলিশের কাজে বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় এনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
পুলিশ সদর দপ্তরে গতকাল রোববার সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১০২ জন পুলিশ সদস্যকে (ছয়জন মরণোত্তর) বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে।
আইজিপি বলেন, শৃঙ্খলার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকে। অসদাচরণ, কর্তব্যে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে গত পাঁচ বছরে ৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা হিসেবে দোষী সাব্যস্ত পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করাসহ বিভিন্ন শাস্তি রয়েছে। তিনি বলেন, কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুলিশ বাহিনীর অনেক বড় অর্জন কখনো কখনো ম্লান করে দেওয়ার উপক্রম হয়।
পুলিশপ্রধান বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত ইউনিট চালু আছে। কিন্তু বাংলাদেশে পুলিশের বিশেষায়িত এই ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তবে জঙ্গিবাদ মোকাবিলায় স্পেশাল টাস্কফোর্স গ্রুপ (এসটিজি) গঠন করা হয়েছে। তিনি বলেন, গত বছরের প্রথম সপ্তাহে শুরু হওয়া রাজনৈতিক কর্মসূচির ৯২ দিনে নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা করতে গিয়ে পুলিশের একজন সদস্য নিহত ও ৩৩৯ জন সদস্য গুরুতর আহত হন। এ সময় ৮০ জন নিরীহ মানুষ নিহত ও ৮৪৩ জন গুরুতর আহত হন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এসবি) জাবেদ পাটোয়ারী, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।