দায়িত্ব পালনকালে কেউ যেন হয়রানির শিকার না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আবদুল হামিদ
মো. আবদুল হামিদ

দায়িত্ব পালনকালে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে গতকাল বৃহস্পতিবার ‘পুলিশ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।’
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস উল্লেখ করে আবদুল হামিদ বলেন, জনগণের দেওয়া করের টাকায় দেশ ও সরকার পরিচালিত হয়। সুতরাং সকল ক্ষেত্রে জনগণের কল্যাণের বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে, যাতে তারা পুলিশকে তাদের আস্থায় নিতে পারে এবং সাহায্যের প্রত্যাশায় এগিয়ে আসে।
রাষ্ট্রপতি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব, পুলিশের প্রত্যেক সদস্যকে দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত¯দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন কোনো একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বরং এখন এটি বৈশ্বিক সমস্যা। প্রযুক্তিভিত্তিক অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক কামাল ও আইজিপি এ কে এম শহীদুল হক।