দায়িত্ব পালনকালে হামলার শিকার আট সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বিএল কলেজে ও মেহেরপুরে সরকারি কলেজে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আট সাংবাদিক। ছাত্রলীগের কর্মীরা এসব হামলা চালান বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনার বিএল কলেজে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাংবাদিকেরা সংঘর্ষের ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক শাহনেওয়াজ, দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান মো. নয়ন, দেশ টিভির এস এম মিলন, বাংলা ভিশনের মতিউর রহমান আহত হন। এ ছাড়া তাঁরা এনটিভির প্রতিনিধি আবু তৈয়েবকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ক্যামেরা থেকে ক্যাসেট বের করে নেন।সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দোলন কুমার মিস্ত্রি। তিনি বলেন, ‘এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। সাংবাদিকেরা আমাদের প্রতিপক্ষ নয়।’ এদিকে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা। এতে প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, আমার দেশ-এর প্রতিনিধি পলাশ খন্দকার ও দৈনিক দেশতথ্য-এর ফটোসাংবাদিক মিজানুর রহমান আহত হন। ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘ছাত্রলীগের নামধারী বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’