গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসকেরা দায়িত্ব পালনে অবহেলা করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সিলেটের বালাগঞ্জ উপজেলার লামা ইসবপুরে গতকাল শুক্রবার কমিউনিটি ক্লিনিকের জন্য প্রবাসীদের দান করা জমি পরিদর্শন করার সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এ কথা বলেন।একই সঙ্গে উপজেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ পেলে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।জমি পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন জালাল উদ্দিন আহমদ, সহকারী পুলিশ সুপার গোপাল চক্রবর্তী উপস্থিত ছিলেন।