দায়িত্ব পালনে অবহেলার তদন্ত প্রতিবেদন নিয়ে অবহেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় কৃমিনাশক বড়ি খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে কর্তব্যে অবহেলার যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত প্রতিবেদন নিয়ে অবহেলা শুরু করেছে স্বাস্থ্যবিভাগ। তদন্ত প্রতিবেদন জমার পরও দোষীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করায় স্বাস্থ্য ও শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। ২ মে ছিল জাতীয় কৃমিনাশক বড়ি খাওয়ানোর জন্য নির্ধারিত দিন। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই ৩০ এপ্রিল চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত সব শিক্ষার্থীকে কৃমিনাশক বড়ি খাওয়ান। বড়ি খাওয়ানোর পর শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। যাদের মধ্য থেকে গুরুতর অসুস্থ অন্তত ১৮ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।ওই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের পক্ষ থেকে এ জন্য কর্তব্যরত স্বাস্থ্য সহকারী ও বিদ্যালয়ের সব শিক্ষকের কর্তব্যে অবহেলাকে দায়ী করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য বিভাগীয় দুটি তদন্ত দলই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। শিক্ষা বিভাগীয় তদন্ত দল প্রতিবেদনটি দাখিল করেছে ১৫ মে।সূত্রমতে, শিক্ষা বিভাগের প্রতিবেদনে স্বাস্থ্য সহকারী তানিয়া খাতুনের কর্তব্যে অবহেলাকে দায়ী করা হলেও স্বাস্থ্য বিভাগীয় দুটি তদন্ত দলই তাদের প্রতিবেদনে স্বাস্থ্য সহকারীর পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইমামের কর্তব্যে অবহেলাকেও সমানভাবে দায়ী করেছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, তিনি একটি কর্মশালায় যোগ দিতে কয়েক দিন ঢাকায় অবস্থান করছেন। তদন্ত প্রতিবেদন তিনি হাতে পাননি। স্বাস্থ্য বিভাগীয় তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষকের অবহেলার বিষয়টি তিনি নাকচ করে দেন।সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি গত মঙ্গলবার নিশ্চিত করলেও পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) কামরুল হুদা কোনো তদন্ত প্রতিবেদন হাতে পাননি বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন। সিভিল সার্জনের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তদন্ত দলের প্রধান সাঈদ উর রহমান। তিনি জানান, ৬ মে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও ওই দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় পরবর্তী কর্মদিবস ৮ মে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। যার প্রমাণাদি হাতে আছে।