দায়িত্ব পালনে আপসহীন থাকার প্রতিশ্রুতি সিইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম নুরুল হুদাকে শপথ পাঠ করান l ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম নুরুল হুদাকে শপথ পাঠ করান l ছবি: প্রথম আলো

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নিরপেক্ষ থেকে সব দলের সঙ্গে পরামর্শ করে কাজ করে যাব। সরকারকে কমিশনের ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেব না।’
শপথ গ্রহণ শেষে গতকাল বুধবার নির্বাচন কমিশনে গিয়ে দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে নুরুল হুদা এ কথা বলেন। এ সময় নতুন নিয়োগ পাওয়া চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন, অন্য দিকে বিএনপি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠান শেষে সিইসি ও অন্য কমিশনাররা সেখান থেকে যান নির্বাচন কমিশন সচিবালয়ে। সেখানে তাঁদের স্বাগত জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনের শুরুতে ভাষাশহীদদের স্মরণ করেন নুরুল হুদা। এরপর তিনি অন্য চার কমিশনারের পরিচয় করিয়ে দেন। সিইসি বলেন, ‘আমরা সাংবিধানিক দায়িত্ব পালনে শপথ গ্রহণ করেছি। সংবিধান ও সংবিধানের অধীনে প্রণীত আইনকানুন বিধিবিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপসহীন থাকব। নির্বাচন কমিশনের জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে এবং কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করে কাজ করব।’ এ জন্য তিনি সরকার, রাজনীতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
নুরুল হুদা বলেন, ‘১৯৭২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৪৫ বছর ধরে ধাপে ধাপে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। একজন সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশনে রয়েছে একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো ও সুদক্ষ জনবল। এদের সঙ্গে নিয়ে আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।’
বিএনপি বিভিন্ন সময়ে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলে আখ্যায়িত করেছে। তবে নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন কমিশনকে তারা সরাসরি প্রত্যাদখ্যাছন না করলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বেশির ভাগ রাজনৈতিক দল দশম সংসদ নির্বাচন বর্জন করায় আগামী দিনে সব দলকে নির্বাচনের মাঠে আনা এই কমিশনের প্রধান চ্যা লেঞ্জ কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, প্রথমে সচিবালয়ের সঙ্গে পরামর্শ করে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর এ নিয়ে বিএনপিসহ সব দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করে সমস্যা উত্তরণের চেষ্টা করব।
ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন না এবং জনতার মঞ্চেও ছিলেন না জানিয়ে নুরুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার, তার সবই এই কমিশন করবে। এ ক্ষেত্রে সরকারকে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে না।