রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ভাটি এলাকায় আমার জন্ম হলেও আমি এখন সারা দেশের রাষ্ট্রপতি। আমার কাছে দেশের সব মানুষ সমান। সরকারের শেষ সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছি। অর্পিত দায়িত্ব যাতে সম্মানের সঙ্গে যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য আবারও সবার দোয়া চাই।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিকলী জিসি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে নিকলীবাসীর পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
গণসংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক কারার গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের পার্থক্য থাকাই স্বাভাবিক। সবার দায়িত্ব হবে গণতান্ত্রিক রীতিনীতির চর্চার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করে তোলা।
রাষ্ট্রপতি বলেন, ‘হূদয়ের টানে, মাটির টানে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েও আমার মন পড়ে থাকে আপনাদের কাছে। প্রায়ই হারিয়ে যাই শৈশব, স্কুলজীবন ও সোনালি অতীতে।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগদলীয় সাংসদ মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির ছেলে ও আওয়ামী লীগদলীয় সাংসদ সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, জেলা ন্যাপের সভাপতি মোজাম্মেল হক খান, আবু সাঈদ ইমাম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইছহাক ভূঁইয়া।
মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রমুখ।
এর আগে গত বুধবার বিকেলে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনে থানা মাঠে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পর বুধবার প্রথম জন্মস্থান সফরে আসেন আবদুল হামিদ।
গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান শুরুর আগে রাষ্ট্রপতি ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।