চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী মাঠ সমতল করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারপ্রাপ্ত মেয়রকে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন এ সহজ বিষয়টি বুঝেও না বোঝার ভান করছে। সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তাঁদের পদে থাকা উচিত নয়।নগরের মেহেদীবাগের বাসভবনে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু আরও বলেন, ক্ষমতাসীনেরা ক্ষমতার অপব্যবহার করে। এ কারণে দেশে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন দলীয় প্রভাবমুক্ত না হলে সিটি নির্বাচন সুষ্ঠু হবে না। সংবাদ সম্মেলনে সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন উপস্থিত ছিলেন। আমীর খসরু চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম জহিরুল আলম দোভাষের অপসারণের দাবি জানানোর পর নির্বাচন কমিশনের সম্প্রতি দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল এ সংবাদ সম্মেলন ডাকা হয়। আমীর খসরু এর আগে বলেছিলেন, জহিরুল নগর আওয়ামী লীগের নেতা। একই সঙ্গে তিনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তাই নির্বাচনে প্রার্থী হয়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করলে সিটি করপোরেশন দলীয় প্রভাবমুক্ত হবে না। তাঁর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব কে পালন করবে, তা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ঠিক করেছে।আমীর খসরু গতকাল সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশন সর্বময় ক্ষমতার অধিকারী। স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন ভারপ্রাপ্ত মেয়র নির্ধারণ করবে, তা বোধগম্য নয়। নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। এর ব্যত্যয় ঘটলে তাঁদের দায়িত্ব নিতে হবে।মঞ্জুরের মতবিনিময়: গতকাল বিকেলে নগরের মধ্যম হালিশহর ঈশান মিস্ত্রির হাটের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি-সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম। অনুষ্ঠানে তিনি নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে তাঁকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। বন্দর থানা বিএনপির সদস্য কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। মঞ্জুর বলেন, ‘আপনারা আমার আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। বিএনপির সমর্থন নিয়ে আমি এখানে এসেছি। আপনারা আমাকে সহায়তা করবেন, দোয়া করবেন।’