দায়িত্ব পালনে শিক্ষক কর্মকর্তাদের অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালনে অনীহার কথা জানিয়ে দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তার আবেদন-তদবিরের কারণে বিপাকে পড়েছেন রিটার্নিং কর্মকর্তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কালাইয়ের পাঁচটি ইউপিতে ২০ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ৪৬টি কেন্দ্রে ৪৬ জন প্রিসাইডিং, ২৭৮ জন সহকারী প্রিসাইডিং এবং ৫৫৬ জন পোলিং কর্মকর্তা প্রয়োজন। এসব পদে দায়িত্ব পালনে নিয়োগ চূড়ান্ত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। কিন্তু তদবিরের কারণে প্রাথমিক তালিকা থেকে অন্তত ১০০ জনকে নির্বাচনী দায়িত্ব থেকে বাদ রেখে অবশিষ্টদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়। কিন্তু চূড়ান্ত তালিকা করার পরও সংশ্লিষ্টরা রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এমনকি নিজ নিজ এলাকার সাংসদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়েও ওই তালিকা থেকে নিজেদের নাম কাটাতে তদবির চালিয়ে যাচ্ছেন। তদবিরের কারণে চূড়ান্ত তালিকা থেকেও অর্ধশত শিক্ষক-কর্মকর্তাকে বাদ রাখতে হয়েছে। কিন্তু এর পরও নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন-তদবিরের শেষ নেই। ব্যক্তিগত সমস্যা, শারীরিক অসুস্থতাসহ নানা কারণ উল্লেখ করে এ তালিকা থেকে নিজেদের নাম কাটাতে আবেদন-তদবিরের হিড়িক পড়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে অনিচ্ছুক একাধিক শিক্ষক-কর্মকর্তা বলেন, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করলেও তাঁরা নির্বাচনে সহিংসতার আশঙ্কা থেকেই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে সব মিলিয়ে দেড় শতাধিক আবেদন-তদবির এসেছে। নানা অজুহাতে সংশ্লিষ্টরা নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। অনেক নারী শিক্ষক যাতায়াত ও সন্তানের বিষয়টি বিবেচনায় আনার আবেদন জানিয়েছেন। তদবিরের কারণে তালিকা থেকে অনেক নামই বাদ দিতে হয়েছে। কিন্তু এখনো তালিকা থেকে নিজের নাম বাদ দিতে কেউ কেউ এমন সব মহল থেকে তদবির বা ফোন করাচ্ছেন যে শুধু বিব্রতই হতে হচ্ছে না; বারবার তালিকা কাটাকাটি আর বদল করতে গিয়ে নির্বাচনী কার্যক্রমও রীতিমতো ব্যাহত হচ্ছে।’