দায়িত্ব পালনে সবার সহায়তা চান নার্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই জাড়ে (শীতে) সারা রাত জাইগি থাইকি ৩৯টি কমিটি কইরি এলাকা পাহারা দিচি। যাতে কোনো প্রার্থীর লোক কালো টাকা লিয়া ভোট কিনতে না নামতে পারে। খাটনি সার্থক হইচে।’ বৃহস্পতিবার সকালে চারঘাটে একটি রেস্তোরাঁয় চারঘাট পৌরসভার নির্বাচিত মেয়র নার্গিস খাতুনের দুই সমর্থক এভাবেই ভোটের গল্প করছিলেন।নার্গিস খাতুন ছিলেন রাজশাহী জেলার ৫৯ মেয়র পদপ্রার্থীর মধ্যে একমাত্র নারী। চারঘাটে তিনি পাঁচজন পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও মেয়র জাকিরুল ইসলাম। ভোটের পার্থক্য ছিল এক হাজার ২২৯। মেয়র পদে অন্য প্রার্থীরা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, বিএনপির ইউনুস আলী তালুকদার ও আওয়ামী লীগের বিদ্রোহী আক্তারুজ্জামান।প্রতিক্রিয়া জানতে চাইলে নার্গিস খাতুন বলেন, ‘টাকা-পয়সার বিনিময়ে নয়, জনগণের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসার বিনিময়ে আমি নির্বাচিত হয়েছি। সারা জীবন খেদমত করেও তাদের এই ঋণ শোধ করতে পারব না। এ ঋণ শোধ করবার নয়। তারা যে পবিত্র দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন। আমি যেন তা যথাযথভাবে পালন করতে পারি এ জন্য সর্বস্তরের জনগণের কাছে আমি দোয়া চাই। তাঁরা যেন আমাকে সহযোগিতা করেন।’নার্গিস খাতুনের বিজয়ের ব্যাপারে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নার্গিস খাতুন বিজয়ী হয়েছেন। তাঁকে আমি অভিনন্দন জানাই। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ তিনি বলেন, যেকোনো ব্যাপারে নার্গিস খাতুন আমার সহযোগিতা চাইলে আমি তাঁকে পূর্ণ সহযোগিতা করব।’উপজেলা সদরের বাসিন্দা নার্গিসের স্বামী রাহেনুল হক একজন মুক্তিযোদ্ধা ও চারঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯৯৯ সালে একটি উপনির্বাচনে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। পৌরসভা নির্বাচনে নার্গিস খাতুন প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ তাঁকে বহিষ্কারের সুপারিশ করেছে।