বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ও ভিডিপি কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে ঘুষ নিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন আনসার ও ভিডিপি সদস্যের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।
এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফজাল হোসেনের কাছে এক আনসার সদস্য নির্বাচনের কয়েক দিন আগে লিখিত অভিযোগও দিয়েছিলেন।
কয়েকজন ভুক্তভোগী আনসার ও ভিডিপি সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ মার্চ পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন হয়। এ নির্বাচনে উপজেলার ৫১টি ভোটকেন্দ্রে ৬১২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে চারজন নারী সদস্যসহ ১২ জন আনসার এবং তিনজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের জন্য জনপ্রতি এক হাজার ৯৫০ টাকা সম্মানী ভাতা পাওয়ার কথা আনসার সদস্যদের। নির্বাচনের দিনসহ আগে ও পরের পাঁচ দিনের দায়িত্ব পালনের কথা থাকলেও মূলত দুদিন দায়িত্ব পালন করতে হয়। এ জন্য নির্বাচনী দায়িত্ব নিতে সদস্যদের আগ্রহ থাকে খুব বেশি। এ সুযোগে জনপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা ঘুষ নিয়ে বেশির ভাগ সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। এভাবে নির্বাচনের কয়েক দিন আগে ঘুষ নিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফজাল হোসেন। এ কাজে তাঁকে সহায়তা করেছেন উপজেলা মহিলা প্রশিক্ষণ কর্মকর্তা সেতারা পারভীন ও প্লাটুন কমান্ডার সাব্বির হোসেন। অথচ গতকাল নির্বাচনের ১৬ দিন পরও তাঁদের প্রাপ্য নির্বাচনী সমঞ্চানী ভাতা পাননি ওই সদস্যরা।
নাম-পরিচয় গোপন রাখার শর্তে এক আনসার সদস্য বলেন, ‘ঘুষবিনিময় ছাড়া কোনো আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ পাননি। ঘুষের টাকা না দেওয়ায় প্রথমে আমার নামও তালিকায় ওঠেনি। পরে ৫০০ টাকা দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে হয়েছে।’
সাব্বির হোসেন গতকাল মুঠোফোনে বলেন, ‘নির্বাচনের আগে বেশ কয়েকজন সদস্য আমাকে টাকা দিয়েছিলেন। আমি ভেবেছিলাম খাবারের ব্যবস্থা করার জন্য তাঁরা এ টাকা দিয়েছেন। তবে নির্বাচনের দিন টাকা ফেরত দিতে গেলে তাঁরা আমাকে টাকা রেখে দিতে বলেন।’
সেতারা পারভীনের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগ করে সংযোগ বন্ধ পাওয়া যায়। লিখিত অভিযোগ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে দেখতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘ঘুষ লেনদেনের সঙ্গে আমি জড়িত নই। কারা ঘুষ দিয়েছে তাদের আমি চিনিও না।’ বরগুনা জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।