দায়িত্ব বুঝিয়ে দিতে পারছেন না তিনি
চাকরি থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেছেন নয় মাস আগে। কিন্তু এখন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগ পাননি রেলওয়ের দিনাজপুর প্রধান বুকিং সহকারী আশরাফ আলী। তাঁর কাছে সংরক্ষিত আছে বিপুল পরিমাণ পেপার টিকিট। দুই মাসের মধ্যে দায়িত্ব বুঝে দিতে না পারলে তিনি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে ট্রেন নম্বর টেকার (টিএনটি) পদে যোগ দেওয়া আশরাফ এক বছর পর বুকিং সহকারী পদে পদোন্নতি লাভ করেন। ৩৭ বছর চাকরি শেষে গত ২৮ ফেব্রুয়ারি তিনি এলপিআরে যান। এলপিআরে যাওয়ার আগে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। রেলওয়ে কর্তৃপক্ষ গত ২২ ফেব্রুয়ারি এমদাদ রসুল খন্দকার নামে একই পদের এক কর্মচারীকে দিনাজপুরে বদলি করে পাঠায়। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে যোগদান করতে দেওয়া হয়নি। এমদাদ রসুল খন্দকার প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারিতে বদলি হয়ে এলেও তাঁকে লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে কর্মরত দেখানো হচ্ছে। কিন্তু বেতন-ভাতা প্রদান করা হচ্ছে দিনাজপুর স্টেশনের কর্মচারী হিসেবে।আশরাফ আলীর অভিযোগ, স্টেশন তত্ত্বাবধায়কের নির্দেশে গত ১ আগস্ট দিনাজপুর রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ মো. আলী তাঁর কাছ থেকে টিকিটের আংশিক (পিসি) দায়িত্ব বুঝে নিয়েছেন। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপক মো. আবদুল আউয়াল ভূইঞা গত ২৬ অক্টোবর ও বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজার রহমান গত ১ নভেম্বর আশরাফ আলীর কাছ থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব বুঝে নিতে দিনাজপুর রেলস্টেশন তত্ত্বাবধায়ককে লিখিত নির্দেশ দেন। কিন্তু তত্ত্বাবধায়ক ওই নির্দেশ কার্যকর করেননি।যোগাযোগ করা হলে দিনাজপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আশরাফ আলী এলপিআরে যাওয়ার আগে মো. আলী নামে এক কর্মচারীকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ আসে। কিন্তু মো. আলী ওই দায়িত্ব গ্রহণে অপারগতার কথা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছেন। এমদাদ রসুল খন্দকার নামে কোনো কর্মচারীকে দিনাজপুর স্টেশনে যোগদানের কথা তিনি অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন অবসরের আগেই দায়িত্ব বুঝে দিতে না পারলে আশরাফ আলী সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। জনবল সংকট ও টাকার দায়িত্ব নিতে অনেকের অনীহার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।