দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় অধ্যক্ষের কক্ষ সিলগালা
বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষ সিলগালা করে দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিভিন্ন অভিযোগে ওই অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হলেও দায়িত্ব হস্তান্তরে টালবাহানা করায় গতকাল মঙ্গলবার কক্ষটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।
কলেজটির পরিচালনা কমিটি সূত্র জানায়, অধ্যক্ষ আবদুস ছালাম তালুকদারের বিরুদ্ধে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের গাছ বিক্রি, অধ্যক্ষের কক্ষে জামায়াত-শিবির সদস্যদের নিয়ে সভা করা ইত্যাদি অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া গত ১৩ থেকে ২১ জানুয়ারি পরিচালনা কমিটির সভাপতির অনুমতি ছাড়া প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে ২৩ ফেব্রুয়ারি কারণ দর্শাও নোটিশ দেয় কমিটি। কিন্তু অধ্যক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় ৫ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করে পরিচালনা কমিটি।
সূত্রটি আরও জানায়, ওই বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধ্যক্ষ ছালাম কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছোলায়মান আলী খন্দকার, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম আজাদসহ আটজনকে বিবাদী করে গত ১২ মার্চ বগুড়ার সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত গত ১৬ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেন। ফলে বরখাস্তের সিদ্ধান্ত বহাল থাকায় আদালতের নির্দেশ ও বেসরকারি বিদ্যালয় বিধি অনুযায়ী ইউএনও রাসেল মনজুর অধ্যক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ না মানায় গতকাল দুপুরে অধ্যক্ষের কক্ষ সিলগালা করে দেন শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হক।
ইউএনও রাসেল মনজুর বলেন, আদালতের নির্দেশ এবং পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও বেসরকারি বিদ্যালয় বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আবদুস ছালামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।