দায়িত্ব বুঝে নিলেন রাজউকের নতুন চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া আবদুর রহমান তাঁর দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি এত দিন সংস্থাটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নিয়োগ আদেশে আবদুর রহমান তাঁর নতুন দায়িত্বে এম বজলুল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হন। বিকেল নাগাদ তিনি তাঁর দায়িত্ব বুঝে নেন।
আজ সন্ধ্যায় এ বিষয়ে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমার প্রথম কাজ হবে রাজউককে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসার জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত রাখা। নির্ধারিত সময় পার হওয়ার পরেও পূর্বাচল ও উত্তরা তৃতীয় পর্বসহ রাজউকের যে প্রকল্পগুলো অসমাপ্ত আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।’
সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা আবদুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ২০০৬ সালের শেষ দিকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বেপজার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বেপজা থেকে ২০১৫ সালে তিনি রাজউকে যোগ দেন।