সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত নেতারা এখন পর্যন্ত দায়িত্ব বুঝে পাননি। এরই মধ্যে কমান্ডার হেলাল উদ্দিন সর্দারের নির্দেশে সংসদের অন্য নেতারা ৪৯ জন মুক্তিযোদ্ধার কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেছেন। মুক্তিযোদ্ধারা বলছেন, ব্যাংক থেকে ভাতার টাকা তোলার সময় সেখানে বসে থেকে এই টাকা তাঁদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জানা গেছে, এ উপজেলায় ৩২০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ২২৫ জন মুক্তিযোদ্ধা নিয়মিত ভাতা পেয়ে আসছেন। এবার নতুন করে ৪৯ জন মুক্তিযোদ্ধা ভাতার আওতায় এসেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে তাঁরা ভাতার অর্থ উত্তোলন করেছেন।
মুক্তিযোদ্ধারা জানান, গত ৪ জুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সর্দার উপজেলা কমান্ডার ও রেজাউল ইসলাম ডেপুটি কমান্ডার নির্বাচিত হন। এখনো গেজেট না হওয়ায় তাঁদের শপথ হয়নি। ক্ষমতাও হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে নতুন এই কমিটির নেতারা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করা শুরু করেছেন। নতুন যাঁরা ভাতাপ্রাপ্ত হয়েছেন, তাঁদের কাছ থেকে তাঁরা অর্থ আদায় করেছেন।
মুক্তিযোদ্ধাদের কয়েকজন বলেন, জুলাই মাসে তাঁদের ভাতার বই দেওয়া হয়। টাকা ওঠানোর আগে নতুন নির্বাচিত কমান্ডার তাঁদের ডেকে জানিয়ে দেন, জনপ্রতি তিন হাজার করে টাকা দিতে হবে। ওই টাকা না দিলে ভাতার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব পাঠানো হবে।
টাকা নেওয়ার কথা স্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমান্ডার হেলাল উদ্দিন সর্দার বলেন, অফিস খরচের জন্য তাঁরা কিছু টাকা নিয়েছেন। তা ছাড়া শপথ গ্রহণের পর তাঁদের অভিষেক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। যে কারণে নতুন তালিকাভুক্তদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।