দায়িত্ব হস্তান্তর করলেন বন্দর চেয়ারম্যান
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাতে বন্দর ভবনে দায়িত্ব হস্তান্তর করেছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় ফ্যাক্সযোগে ছাড়পত্র বন্দরে পৌঁছার পরই তিনি দায়িত্ব হস্তান্তর করেন।২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বন্দর চেয়ারম্যানের বদলি আদেশ জারি হয়। নতুন চেয়ারম্যান হিসেবে কমোডর নিজাম উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়। তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদানের পর বন্দরের দায়িত্ব নেবেন বলে জানা গেছে।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বন্দরের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) নজরুল ইসলাম ছুটিতে থাকায় জ্যেষ্ঠ হিসেবে সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বর্তমান চেয়ারম্যান। বন্দর কর্মকর্তারা জানান, বন্দর চেয়ারম্যান যখন দায়িত্ব হস্তান্তর করলেন তখন বন্দরের ১৯টি বড় প্রকল্পের কাজ প্রায় গুছিয়ে এনেছেন তিনি। তাঁর একান্ত চেষ্টায় বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে। অবশ্য নিউমুরিং কনটেইনার টার্মিনালের বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্রে শর্ত শিথিলে অনড় থাকায় মন্ত্রণালয়ের অনেকে তাঁর ওপর অসন্তুষ্ট হন। এত বড় প্রকল্পে নিয়ম ভেঙে কাউকে বিশেষ সুবিধা দিতে তিনি রাজি হননি। বন্দর কর্মকর্তা ও ব্যবহারকারীদের কাছে তিনি সৎ ও নিষ্ঠাবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।চেয়ারম্যানের ঘনিষ্ঠজনেরা জানান, তিনি স্বেচ্ছায় বদলির আবেদন করে নৌবাহিনীতে ফিরে যাচ্ছেন। তিনি নৌ বাহিনীর কমোডর কমান্ডিং চট্টগ্রাম হিসেবে যোগদান করবেন।