দায়িত্ব হস্তান্তরের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের পুরোনো কমিটির কাছে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তরে নিম্ন্ন আদালতের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মীর হাশমত আলীর একক বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন।১০ জানুয়ারি চতুর্থ সহকারী জেলা জজ আদালত জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে তার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সাত দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এর বিরুদ্ধে নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে গতকাল আদালত এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে আইনজীবী আফজাল এইচ খান সাংবাদিকদের বলেন, দায়িত্ব হস্তান্তরসংক্রান্ত নিম্ন আদালতের আদেশ স্থগিত করা হয়েছে। ফলে নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনে কোনো বাধা নেই। মামলা পরিচালনা করেন আইনজীবী টি এইচ খান ও এ জে মোহাম্মদ আলী।এর আগে গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৫ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম। মামলায় ওই দুটি পদে বিজয়ী প্রার্থী কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদসহ ১৩ জনকে বিবাদী করা হয়। ভোটার তালিকায় অসাংবাদিক ও যুদ্ধাপরাধী থাকা এবং প্রভাব বিস্তারের অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মুজাহিদুল ইসলাম স্থগিতাদেশ ও নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন।