বেসামরিক প্রশাসনে কর্মরত কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেলে তাঁর পরিবার পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে কর্মে অক্ষম হয়ে পড়লে তিনি দুই লাখ টাকা আর্থিক অনুদান পাবেন। গতকাল সোমবার এ বিষয়টি অবহিত করে মাঠ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর্থিক অনুদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী তাঁরা এ অনুদান পাবেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, সহিংস পরিস্থিতির কারণে বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই নির্বাচনী দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা থেকে তাঁরা নিজেদের নাম বাদ দিতে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসে তদবির করছেন। এ অবস্থায় কমিশন মাঠ কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠিয়েছে।
১৪৭ আসনে নির্বাচন: নির্বাচন কমিশন কুমিল্লা-৮ আসনের বৈধ প্রার্থীর তালিকায় স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ১৪৬ নয়, ১৪৭টি আসনে ভোট গ্রহণ হবে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর সংখ্যা একজন কমে হবে ১৫৩।
এর আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ২৬ ডিসেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বিজিবি নামছে কাল: নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড নামছে কাল বুধবার থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর কমিশনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই বাহিনীর ৩ জানুয়ারি থেকে মাঠে নামার কথা। ২৬ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পুলিশ ৩ থেকে ৬ জানুয়ারি এবং আনসার ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবে।
মালামাল সরবরাহ ভোটের দিন: কমিশন সচিবালয় সূত্র জানায়, নাশকতা এড়াতে নির্বাচনী সরঞ্জাম ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে। তার আগ পর্যন্ত এগুলো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থাকবে।