জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এম এ মতিনকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণাসহ মোট ছয়টি দাবি পূরণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এ সময়সীমা বেঁধে দেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব কামরুল আহসান।
কামরুল আহসান বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মতিনের কাছে লিখিতভাবে গতকাল বেলা ১১টার দিকে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামীকাল শনিবারের মধ্যে তা পূরণে যথাযথ ব্যবস্থা নিতে দাবি জানিয়েছি।’ এর মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
কামরুল আহসান আরও বলেন, উপাচার্য আনোয়ার হোসেন উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা না করে বিশ্ববিদ্যালয়ের সংকট আরও দীর্ঘায়িত করছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের দায়িত্ব এখন মতিনের ওপরই বর্তায়।
দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কাছে জানানো দাবিগুলো হলো, দ্রুত উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ বা অপসারণ নিশ্চিত করা, বর্তমানে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাচিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি কাজকর্ম ছাড়া অন্য সব প্রশাসনিক কাজকর্ম বন্ধ রাখা ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের হাতে কোনো নতুন নিয়োগ দেওয়ার এখতিয়ার না রাখা।
তবে এ ব্যাপারে জানতে এম এ মতিনকে ফোন করা হলে তিনি তা ধরেননি।
উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ২৩ দিন ধরে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। তবে ক্লাস-পরীক্ষা চলছে।
উপাচার্য আনোয়ার হোসেন গত ২০ নভেম্বর থেকে চিকিৎসাজনিত ছুটিতে আছেন। গত বুধবার তিনি চতুর্থবারের মতো ছুটি বাড়ান। ওই দিনই দায়িত্বপ্রাপ্ত উপাচার্য হিসেবে সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনকে নিয়োগ দেওয়া হয়।