দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জনকে একসঙ্গে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ (ইনচার্জ) ২০ পুলিশ সদস্যকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাঁদের প্রত্যাহার করা হয়।মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামসহ ২০ জনকে প্রত্যাহার করে তাঁদের স্থলে নতুন নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে পুলিশ কমিশনারের কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ সুরমা ফাঁড়ি-সংলগ্ন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাওয়া এবং অপরাধ নিয়ন্ত্রণে ফাঁড়ির পুলিশ ব্যর্থ হওয়ায় তাঁদের একসঙ্গে প্রত্যাহার করা হয়। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম প্রত্যাহারের আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা গতকাল সকালে তাঁর হাতে পৌঁছায়। এরপর তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।তবে কী কারণে একসঙ্গে তাঁদের ২০ জনকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি এসআই আমিনুলের।