চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানির টার্মিনাল ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মো. শামসুল আরেফিনকে। তাঁর বিরুদ্ধে জ্বালানি তেল নয়ছয় করার গুরুতর অভিযোগ ছিল। তেলের ট্যাংকে আগুন লেগে ১০ জন দগ্ধ হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রামের যমুনা অয়েলের টার্মিনাল ব্যবস্থাপক আবুল বাশারকে গত মঙ্গলবার সন্ধ্যায় সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিন সন্ধ্যায় শামসুল আরেফিনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।
ট্যাংকের অটোগেজিং করার জন্য অকটেন সরানোর সময়ে ওই বিস্ফোরণ ঘটে। এতে আহত এক শ্রমিক গতকাল বুধবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত টার্মিনাল ব্যবস্থাপক শামসুল আরেফিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোয় নয় বছর আগে নয় লাখ ১৪ হাজার ৮৪১ লিটার জ্বালানি তেল নয়ছয় করার অভিযোগ ওঠে। ওই সময়ে এই জ্বালানির দর ছিল দুই কোটি ৫৩ লাখ ৯৮ হাজার টাকা।
ওই ঘটনায় ২০০৫ সালের ২৯ নভেম্বর শামসুল আরেফিনের কাছে জবাব চেয়ে যমুনার তৎকালীন উপমহাব্যবস্থাপক আবদুর রহমান চিঠি দেন। চিঠিতে বলা হয়, এই তেল ঘাটতি বা ক্ষতির কারণ উল্লেখ এবং ক্ষতির জন্য আপনাকে (শামসুল আরেফিন) কেন দায়ী করা হবে না, সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে কোম্পানির প্রচলিত নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘আমি এই অভিযোগসংক্রান্ত চিঠি পেয়েছিলাম। এটা আমার জন্য দুর্ভাগ্যজনক।’ তিনি দাবি করেন, ওই অভিযোগের জবাব তিনি দিয়েছিলেন। বিষয়টি তখন সমাধান হয়ে গেছে।
যমুনার সর্বশেষ আগুনের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি কোম্পানিকে ঢেলে সাজানোর সুপারিশ করে। কিন্তু এখন টার্মিনাল ব্যবস্থাপককে নিয়েই প্রশ্ন উঠেছে। শামসুল আরেফিনকে পতেঙ্গা ডিপোর টার্মিনাল ব্যবস্থাপক করা প্রসঙ্গে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আবুল বাশারকে সাময়িক বরখাস্তের পর ওই পদটি শূন্য হয়। সেখানে আমরা শামসুল আরেফিনকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছি।’
আলিম উদ্দীন আরও বলেন, ‘টার্মিনাল ব্যবস্থাপকের পদে আসার জন্য ব্যাপক তদবির শুরু হয়েছে। এ বিষয়ে টাকা দেওয়ারও প্রস্তাব আসে। কিন্তু গুৃরুত্বপূর্ণ এই টার্মিনালে আমরা বিতর্কিত কাউকে তো দায়িত্ব দিতে পারি না। তবে অভিযোগ নেই এবং সুনামের সঙ্গে কাজ করছেন এমন ব্যক্তির সন্ধান চলছে। সেখান থেকে একজনকে বাছাই করে আমরা পতেঙ্গার প্রধান স্থাপনায় টার্মিনাল ব্যবস্থাপক নিয়োগ দেব।’