প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকেরা যেমন স্বাধীনতা ভোগ করবেন, তেমনি দায়িত্ববোধ থেকে কাজও করতে হবে। সংবাদপত্রের অনধিকার চর্চায় মানুষ তার অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয়।
গতকাল শনিবার হবিগঞ্জে সংবাদপত্রের বিকাশ-সমস্যা ও সম্ভাবনাবিষয়ক এক আলোচনা সভা ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। বিশেষ করে ৫০১/৫০২ ধারা বাতিল, সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন এবং অসহায় সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান। সম্প্রতি ১২৭ জন সাংবাদিককে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ মো. আবু জাহির, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রমুখ।