দায়িত্বশীল সাংবাদিকতার ধারা এগিয়ে নেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলমত-নির্বিশেষে দেশের স্বার্থে প্রথম আলো তার ভূমিকা অব্যাহত রাখবে—ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লতিফুর রহমান এ প্রত্যাশার কথা জানাচ্ছেন। ছবি: জিয়া ইসলাম
দলমত-নির্বিশেষে দেশের স্বার্থে প্রথম আলো তার ভূমিকা অব্যাহত রাখবে—ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লতিফুর রহমান এ প্রত্যাশার কথা জানাচ্ছেন। ছবি: জিয়া ইসলাম

সামনের দিনগুলোতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আবার ঘোষণা করেছে প্রথম আলো পরিবার। পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। দেশের শীর্ষ দৈনিক হিসেবে ‘প্রথম আলো’র অবস্থান ধরে রাখার পাশাপাশি একে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়।
৪ নভেম্বর ‘প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী হলেও হরতালের কারণে পিছিয়ে আজ পালন করা হয়।
‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মীদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন। তিনি তাঁদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লতিফুর রহমান এ সময় তাঁর প্রত্যাশার কথা তুলে ধরেন সবার কাছে। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রথম আলো’ দলমত-নির্বিশেষে দেশের স্বার্থে তার ভূমিকা অব্যাহত রাখবে।
‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম ‘প্রথম আলো’র কর্মীদের বরাবরের মতো নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘প্রথম আলো’র বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। গত বছর যাঁরা বিশেষভাবে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে নিজস্ব প্রতিবেদক কুন্তল রায়, জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, সিনিয়র সহসম্পাদক রাজীব হাসান, হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক এনায়েত কবীর, সার্কুলেশন বিভাগের রাসেল রানা, সম্পাদনা সহকারী সালাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহসম্পাদক মাহমুদ ইকবালকে পুরস্কৃত করা হয়।

দলগতভাবে পুরস্কার দেওয়া হয় ফিচার পাতা নকশা, বিল কালেকশন বিভাগ, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগকে। এ ছাড়া যাঁরা নিরলসভাবে কাজ করে গেছেন, তাঁদের মধ্যে বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার, কামরুল হাসান, মনজুর আহমেদ, ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র এবং অনলাইন বিভাগের সহসম্পাদক সাইফুল ইসলাম, অভ্যর্থনা বিভাগের আছিয়া বানু এবং উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিভাগের উত্পল চক্রবর্তীকে সম্মাননা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমান, সাইফুর রহমান, ওবায়দুর রহমান, সিমিন হোসেন প্রমুখ।