দায়িত্বশীল সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন বজলুর রহমান
প্রয়াত সাংবাদিক বজলুর রহমান ছিলেন দায়িত্বশীল সাংবাদিকতার পথিকৃৎ। দেশের বিভিন্ন সংকট সময় উত্তরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও ভূমিকা রেখেছেন তিনি। দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক বজলুর রহমানের ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আজ বুধবার বিকেল পাঁচটায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এক-এগারোর সামরিক শাসনের সময় বজলুর রহমান সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। এই পেশাকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। বর্তমান কঠিন সময়ে তাঁর মতো দায়িত্বশীল সাংবাদিকের খুব প্রয়োজন ছিল।
সভার বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরোয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর ছিলেন বজলুর রহমান। সাংবাদিকতা পেশার মাধ্যমে তিনি সমাজে সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি মনে করতেন, ‘যখন বাক্স্বাধীনতা লুপ্ত হয়, তখন একজন সাংবাদিককে বিচক্ষণ এবং দায়িত্বশীল হতে হয়।’ বজলুর রহমান বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন বলে জানান তিনি।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘এখন আমাদের মাথার ওপর চাপাতি ঝুলছে। প্রয়াত বজলুর রহমান দেশের মানুষের জন্য সাংবাদিকতা করেছেন। শিশু-কিশোরদের ভালোবাসতেন তিনি। তাই খেলাঘর প্রতিষ্ঠা করেন। এ ধরনের রুচিশীল সংগঠনের অভাবেই আজ তরুণেরা উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ছে। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল।’
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।