ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিন শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। নির্মাণাধীন ভবনের মালিক ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন আহত শিশুদের পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এজিএম) গোলজার হোসেন গতকাল শুক্রবার বলেন, ‘বিষয়টি দুই দিন আগে জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, লক্ষ্মীগঞ্জ বাজারে মোজাটিয়া গ্রামের আবদুল কাদিরের একটি নির্মাণাধীন দোতলা ভবনের ছাদে খেলতে গিয়ে গত ৮ আগস্ট মল্লিকপুর গ্রামের লালন মিয়া (১০) আহত হয়। তার বাবার নাম আবুল হোসেন। ২৭ সেপ্টেম্বর চরশংকর গ্রামের আবদুল মজিদের ছেলে মুহসীন সালাহউদ্দিন (৮) ও মো. হানিফ (৮) ওই একই ভবনে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। এই শিশুদের কেউ এখনো সুস্থ হয়নি। তারা পুরোপুরি সুস্থ হবে না বলেও আশঙ্কা করা হচ্ছে।