দেশে অবকাঠামো নির্মাণে মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। যত্রতত্র অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বাড়ছে জনদুর্ভোগ। বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটছে। কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান ও ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আবদুস সোবহান। ‘অবকাঠামো তৈরিতে সার্বিক নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে পবা।
আবদুস সোবহান বলেন, অপরিকল্পিত ও নিম্নমানের অবকাঠামো নির্মাণের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মানুষের মৃত্যুর পাশাপাশি পরিবেশদূষণ বাড়ছে। এ ছাড়া অবকাঠামো নির্মাণের কারণেই নগরে ধুলাদূষণ প্রকট আকার ধারণ করেছে। এতে শিশুসহ সবাই নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। অবিলম্বে নির্মাণকাজের নিরাপত্তা জোরদার ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দিন আগে মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন মারা গেছেন ও দুজন আহত হয়েছেন। তারপরও নির্মাণকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বক্তারা আরও বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি করে ঢাকার দুই সিটি করপোরেশন ও বিভিন্ন সেবা সংস্থা। কিন্তু তারা সড়ক খননের নিয়মনীতি মানে না। এখন ঢাকার মূল সড়ক ও অলিগলির পাঁচ শতাধিক স্থানে খোঁড়াখুঁড়ি চলছে। এতে নাগরিক দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে। এর জন্য মূলত নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী। তাই দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
আবদুস সোবহানের সভাপতিত্বে ও বিসিএইচআরডির সভাপতি মাহবুবুল হকের সঞ্চালনায় মানববন্ধনে সুবন্ধন সামাজিক কল্যাণের সভাপতি হাবিবুর রহমান, পবার সদস্য ক্যামেলিয়া চৌধুরী, পবার সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।