জামালপুরের সরিষাবাড়ী, লক্ষ্মীপুরের রায়পুর, সিলেটের বিয়ানীবাজার ও কিশোরগঞ্জের ভৈরবে এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলাসহ নানা অপরাধে ১৪ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই পরিদর্শক আবদুল্লাহেল বাকী ও খোরশেদ আলম; রায়পুর পৌর শহরের এলএম মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরিদর্শক চন্দন লাল নাথ, মাহাতাব উদ্দিন, মো. ইউনুস ও মিজানুর রহমান; সিলেটের বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরিদর্শক আশরাফুর রহমান, পারভীন আক্তার ও মুহিবুর রহমান এবং ভৈরবের হাফেজ আবদুর রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শাহ্ মো. আফজল, সহকারী শিক্ষক আবদুল আজিজ ও মহিউদ্দিন আহম্মেদ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তরপত্র সকাল ১০টায় দেওয়া হয়। কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে নিয়মানুযায়ী ১০টা থেকে ১০টা ৪০ মিনিটে উত্তরপত্র নেওয়ার কথা। কিন্তু উত্তরপত্র না নিয়ে ২০ মিনিট পরে রচনামূলক প্রশ্নপত্র ও খাতা দেওয়া হয়। ওই কক্ষের পরিদর্শকের কাছে পরীক্ষার্থীরা ২০ মিনিট পরে খাতা দেওয়ার অভিযোগ করলে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের বলেন, পরে তাদের সময় দেওয়া হবে। যথারীতি একটায় পরীক্ষা শেষ হয়। পরে তাদের আর সময় দেওয়া হয়নি। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিক্ষোভ করেন। খবর পেয়ে ইউএনও ফ্লোরা বিলকিছ জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইলাহী আখন্দ কেন্দ্রে আসেন। তাঁরা পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে আবদুল্লাহেল বাকী ও খোরশেদ আলমকে অব্যাহতি দেন।
রায়পুর (লক্ষ্মীপুর): পৌর শহরের এলএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র ১৫ মিনিট দেরিতে বিতরণ এবং নির্ধারিত সময়ের আগেই উত্তরপত্র নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কেন্দ্রের পাঁচ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে অভিভাবকেরা তাদের উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা কেন্দ্রের সচিব ও হল সুপারকে নির্দেশ দিয়েছেন এবং ওই কেন্দ্রের চার পরিদর্শককে অব্যাহতি দিয়েছেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর প্রশ্নপত্র দেওয়া হয়। পরে বলা হয়, রচনামূলক প্রশ্নপত্রের সঙ্গে বাড়তি সময় দেওয়া হবে। কিন্তু বাড়তি সময় না দিয়ে উল্টো রচনামূলকের উত্তরপত্র ১৫ মিনিট আগে নেওয়ায় পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।
সিলেট: বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের চার পরীক্ষার্থী জানায়, বিদ্যালয়ের ১৩ নম্বর কক্ষে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা শুরুর ২০ মিনিট পর সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে কক্ষ পরিদর্শকেরা সময় বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ওই পরিদর্শকেরা উত্তরপত্র নিয়ে নেন। সময় না বাড়ানোয় পুনরায় শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে। খবর পেয়ে ওই কেন্দ্রে যান নির্বাহী হাকিম অসীম চন্দ্র বণিক। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে ওই কক্ষে দায়িত্বরত তিন পরিদর্শককে প্রত্যাহার করে নেন।
ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নির্ধারিত সময়ের পরও এক পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে কেন্দ্রসচিবসহ পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। ইউএনও ও নির্বাহী হাকিম এ জেড এম শারজিল হাসান বলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরও খাতা না নেওয়ায় ওই শিক্ষক ও এক পরীক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।