দায়িত্বে অবহেলা কেন্দ্রসচিবকে অব্যাহতি
দায়িত্বে অবহেলার অভিযোগে কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রের এক সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নোটিশ দিয়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি পাওয়া ওই কেন্দ্রসচিবের নাম আবদুল বারী। তিনি কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব ও একই কলেজের অধ্যক্ষ। কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্থলে ওই কেন্দ্রে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ২০৯ নম্বর কক্ষে ১১ জন নিয়মিত ছাত্রীর এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা পুরোনো পাঠ্যসূচির প্রশ্নে নেওয়া হয়। এ কারণে তাঁরা ৫০ নম্বরের ওপরে উত্তর করতে পারেননি। এ নিয়ে ৬ এপ্রিল প্রথম আলোয় ‘পুরোনো পাঠ্যসূচিতে পরীক্ষা দিলেন নিয়মিত ছাত্রীরা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) আজমল গণি আরজু জানান, প্রথম আলোর সংবাদ প্রকাশের পরপরই ওই কেন্দ্রের সচিবকে গত বুধবার সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী ১১ ছাত্রীর বাংলা প্রথমপত্রের খাতাসহ একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়। কিন্তু সেটিও তিনি করেননি।