দায়িত্বে অবহেলা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনাস্থলে পুলিশের দায়িত্ব পালনে সমন্বয় ও তদারকির অভাব ছিল বলে পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এতে সুনির্দিষ্টভাবে কারও দায়িত্বে অবহেলার কথা বলা হয়নি। গত ১৮ মার্চ তিন সদস্যের কমিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে হাজারো মানুষ ও দায়িত্বরত পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের অদূরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশজুড়ে চলছিল একুশে বইমেলা। নিয়মিত নিরাপত্তার অংশ হিসেবে তখন সেখানে অনেক পুলিশ ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হত্যাকাণ্ডস্থলের ১০০ গজের মধ্যে পুলিশের চারটি দল ও একটি বড় ট্রাক দাঁড়ানো ছিল। কিন্তু হামলার পরে ফুটপাতে পড়ে থাকা অভিজিৎকে সাহায্য করতে ও খুনিদের ধরতে পুলিশের কোনো তৎপরতা ছিল না। আহত রাফিদা আহমেদ সাহায্যের জন্য চিৎকার করলেও পুলিশ এগিয়ে আসেনি। হত্যাকাণ্ডের এক দিন পরে এই নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল ‘খুনিরা দিব্যি চলে গেল, পুলিশ নীরবে দেখল’। পুলিশের এই ভূমিকায় বিভিন্ন মহল থেকেই সমালোচনা করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ডিএমপি। গত সপ্তাহে এই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
সেই প্রতিবেদনের উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে বলা হয়েছে হত্যাকাণ্ডের দিন টিএসসি এলাকায় পুলিশের কাজে সমন্বয়হীনতা ছিল। ছিল তদারকির অভাবও।
পুলিশ সূত্র জানায়, প্রতিবেদনে সামগ্রিকভাবে পুলিশের দলকে দায়ী করা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি বা কারও দায়িত্বে অবহেলার কথা বলা হয়নি।
এ বিষয়ে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় প্রথম আলোকে বলেন, ‘এ রকম প্রতিবেদনের কথা আমি শুনেছি, তবে দেখিনি। সেখানে অবহেলাটা তো সমষ্টিগত। ওখানে যে পুলিশ সদস্যরা ছিলেন, এটা তাঁদের সামগ্রিক ব্যর্থতা। শুধু পুলিশকেই বা বলি কেন; সেখানে তো র্যা বের সদস্যরাও ছিলেন, তাঁরা সেখানে কী করছিলেন।’