দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না: শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে বরদাশত করা হবে না। আজ বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, সামনে ইউপি নির্বাচন। এ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকারের সব বিভাগ কাজ করছে। এরপর কোনো সহিংসতা ঘটলে পুলিশ বিভাগ তা দেখবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে বরদাশত করা হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিশ্বের কাছে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এক কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা সার্ভার স্টেশনের উদ্বোধন করেন এই নির্বাচন কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক প্রমুখ।