দায়িত্বে অবহেলার অভিযোগে ডিপোর ব্যবস্থাপক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানকে গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। সময়মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেট ফুয়েল-সংকটের তথ্য না দেওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো তথ্য না দিয়ে এবং দায়িত্বে অবহেলার কারণে গোদনাইল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বিশেষ সংকট মোকাবিলায় নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, ধর্মঘটে যোগ না দেওয়া শ্রমিক, ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে তেল খালাস ও মজুদ করা হচ্ছে।গোদনাইল পদ্মা ডিপোর সহকারী ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, জ্বালানি তেলসংকট মোকাবিলায় এবং সার্বিক পরিস্থিতি দেখতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ পদ্মা ডিপোতে আসেন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আলমগীর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা পদ্মা ডিপোর কার্যালয়ে স্থানীয় ট্যাংকলরির মালিক, শ্রমিক ও ডিপোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন পদ্মা ডিপো থেকে ৫০টি করে ট্যাংকলরি তেল আনার জন্য নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে যাবে। কোনো ট্যাংকলরির মালিক বা শ্রমিক এ সিদ্ধান্ত না মানলে ডিপোর সঙ্গে যে চুক্তি রয়েছে, তা বাতিল করা হবে।