মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেন দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা হয়েছে। পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. কেফায়েত আলী ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আলী আজ্জম।বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) সরদার শাহাদাত আলী জানান, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিলে সবকিছু জানা যাবে।রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুলাউড়ার ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী ৭ নম্বর রেলসেতুর কাছে রেলপথ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে গত মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে প্রায় ১২ ঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া জানান, রেলপথ উপড়ে ফেলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে মঙ্গলবার রাতেই মামলা হয়েছে।কুলাউড়া থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত নয়জনকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।