দায়িত্বে অবহেলার জন্য গাজীপুরে দুই পুলিশকে শাস্তি
তিন জঙ্গি আসামিকে আদালতে নেওয়ার ক্ষেত্রে কম সংখ্যক পুলিশ দেওয়া ও দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর পুলিশ লাইনের দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের একজনকে প্রত্যাহার ও অপরজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সাইদুল করিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ফোর্স সুবেদার আবদুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে জানান, আসামিদের নেওয়ার ক্ষেত্রে পুলিশ সদস্য কম দেওয়া হয়েছিল। পুলিশ সদস্য কম দেওয়া ও দায়িত্বে অবহেলার জন্য ওই দুজন পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে।
সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি থেকে জঙ্গি মামলার আসামি রাকিব হাসান, সালাউদ্দিন ওরফে সালেহীন ও বোমা মিজানকে ময়মনসিংহের আদালতে নিয়ে হাজির করার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে আসামিদের সহযোগীরা। তারা তিন আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় এসআই হাবিব, কনস্টেবল আতিক ও সোহেল এবং প্রিজনভ্যানের চালক সবুজ গুলিবিদ্ধ হন। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পুলিশ কনস্টেবল আতিক মারা যান। নিহত আতিক (৩৫) গাজীপুর পুলিশ লাইনের কনস্টেবল ছিলেন।