প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের পাড়া-মহল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে প্রতিটি ওয়ার্ডে একজন করে উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হবে। মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, নর্থ) ফয়ছল মাহমুদ গত বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় ওই ওয়ার্ডের জন্য একজন এসআইকে দায়িত্ব দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন। পর্যায়ক্রমে বাকি ২৬ ওয়ার্ডের জন্য এসআই দেওয়া হবে বলে তিনি জানান। মৌসুমি ক্রীড়া সংস্থার কার্যালয়ে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান। সভায় কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল বাছিত, আইনজীবী আজিজুর রহমান, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র প্রমুখ বক্তব্য দেন।