দায়ী চিকিৎসককে তিরস্কার দণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওষুধ নষ্ট এবং ফেলে দেওয়ার ঘটনায় গুদামের দায়িত্বে থাকা চিকিৎসক মো. ইউসুফই দায়ী। তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিরস্কার দণ্ড দিয়েছে।হাসপাতালের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল সাফী মজুমদার প্রথম আলোকে বলেন, মো. ইউসুফকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। তবে দোষী ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার কোনো সুযোগ নেই।গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘হূদরোগ ইনস্টিটিউট ওষুধ ফেলে দিচ্ছে’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় কমিটি ওষুধ গুদামের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা মো. ইউসুফ ও ফার্মাসিস্ট বিষ্ণুপদ দাসের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সুপারিশ করে। ফার্মাসিস্ট বিষ্ণুপদকে সাময়িক বরখাস্ত করা হয়।এরপর মো. ইউসুফের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং ফার্মাসিস্ট বিষ্ণুপদ দাসের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে বিভাগীয় মামলা হয়। মামলায় ইউসুফকে দণ্ড দেওয়া হয়েছে, বিষ্ণুপদের মামলা চলছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন ইউসুফের কাছে লেখা নোটিশে বলেন, অবহেলায় ওষুধ নষ্ট হয়েছে। এর জন্য তিনি দায়ী। এ ছাড়া তিনি হূদরোগ ইনস্টিটিউটের মেডিসিন, যন্ত্রপাতি, লিলেন ও জেনারেল স্টোরের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাঁর কাজ সন্তোষজনক নয়।সূত্র জানায়, গত ১২ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় শুনানি শেষে ইউসুফকে তিরস্কার দণ্ড দেয়। মন্ত্রণালয় ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর ৪(২) বিধি অনুযায়ী চিকিৎসা কর্মকর্তা ইউসুফকে এই দণ্ড দেওয়া হয়েছে। জানতে চাইলে মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, বিভাগীয় মামলার সিদ্ধান্তের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।