দায়ী ব্যক্তিদের বিচার চাইলেন ইয়াংহি লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াংহি লি
ইয়াংহি লি

মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য দায়ী লোকজনের বিচারের ওপর জোর দিয়েছেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ইয়াংহি লি ১০ দিনের সফরে ২৯ জুন বাংলাদেশে আসেন। এ সফরে তিনি বেশ কয়েক দিন কক্সবাজারে থেকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। মতবিনিময় করেছেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দেশীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। ঢাকায় ফিরে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও দেখা করেন। কক্সবাজারে শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা উল্লেখ করে ইয়াংহি লি বলেন, রোহিঙ্গাদের প্রধান দাবি হচ্ছে ন্যায়বিচার। তাদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তারা তার বিচার চায়।

ইয়াংহি লির মতে, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, তা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এটা অবশ্যই বন্ধ করতে হবে। কেননা বিশ্বের অন্য সাধারণ মানুষের মতো তাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। রোহিঙ্গাদের ওপর যে ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে, তার বিচার করা জরুরি বলে তিনি মনে করেন।

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তদন্তের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বলেন, ‘আমার মনে হয় না চীন ও রাশিয়া এটা করতে দেবে।’

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বলেন, ‘রাখাইনে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা এখানে মানবেতর জীবন যাপন করছে। তবে রোহিঙ্গারা এখানে শরণার্থী হিসেবে স্বীকৃতি পায়নি। তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’

মিয়ানমারের রাখাইনে এখনো পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বলেন, খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না। তাই তাদের দীর্ঘ সময়জুড়ে বাংলাদেশে থাকতে হবে।

ইয়াংহি লি অভিযোগ করেছেন, জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সই করা সমঝোতা স্মারক তাঁর কাছ থেকে গোপন রেখেছে। মিয়ানমারের কাছে সমঝোতা স্মারকের অনুলিপি চাইলে এর একটি সারমর্ম তাঁকে দেওয়া হয়েছে। আর জাতিসংঘের কাছে এটি চেয়ে অনুরোধ জানিয়ে এখনো তা পাননি। তাই সমঝোতা স্মারকটি গোপন রাখায় তিনি যথেষ্ট উদ্বিগ্ন।
বাংলাদেশ সফরের পর অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ইয়াংহি লি প্রতিবেদন উপস্থাপন করবেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ ২০১৪ সালে ইয়াংহি লিকে মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে মনোনীত করে। ইয়াংহি লির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মিয়ানমার তাঁকে গত ডিসেম্বর থেকে সে দেশে যেতে দিচ্ছে না।