দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর টাম্পাকো কারখানায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহত শ্রমিকদের কর্মসংস্থানসহ, ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক সমাবেশ ও মিছিলের কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন মালিকপক্ষ, সরকার, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণে এই শ্রমিকদের জীবন দিতে হলো। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা নিশ্চিত অবহেলাজনিত হত্যাকাণ্ড। সমাবেশে তিনি এই শ্রমিক হত্যার বিচারের দাবি জানান।
সমাবেশে শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেন, রানা প্লাজা, তাজরীন ফ্যাশন, স্পেকট্রাম, কেটিএসসহ অর্ধশতাধিক কারখানায় তিন হাজার শ্রমিককে হত্যা করা হয়েছে। শত শত শ্রমিক পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব ‘হত্যাকাণ্ডের’ জন্য দায়ী ব্যক্তিদের আজও বিচার হয়নি। তিনি সব শ্রমিক সংগঠন ও শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে টঙ্গীর টাম্পাকো কারখানায় ২৫ জন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে গভীর শোক প্রকাশ করেছে এবং এই হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার কারণ উদ্ঘাটন, নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসারও দাবি করা হয়।