মহেশখালে বাঁধ নির্মাণ করে সরকারি টাকা অপচয় এবং নগরবাসীর দুর্ভোগ বাড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকার বাসিন্দাদের দুর্ভোগে ফেলার জন্য চট্টগ্রামের এক সাংসদকে দায়ী করলেও বিবৃতিতে তাঁর নাম উল্লেখ করেননি তিনি। কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে আগ্রাবাদ ও উত্তর হালিশহরের প্রায় পাঁচ লাখ মানুষ শুষ্ক মৌসুমে দুর্ভোগে পড়ত। এই অবস্থা মোকাবিলায় ২০১৫ সালের অক্টোবরে মহেশখালের ওপর পৌনে তিন কোটি টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। এই বাঁধের কারণে উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা সারা বছর জলাবদ্ধতার শিকার হচ্ছে। এবার ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পাশের সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও হালিশহর আবাসিক এলাকা, ব্যাপারীপাড়া ও শান্তিবাগ আবাসিক এলাকা টানা প্রায় ২৯ ঘণ্টা পর্যন্ত জলমগ্ন ছিল। গতকাল শুক্রবার বিকেলেও আগ্রাবাদ সিডিএ এলাকার কিছু সড়ক জলমগ্ন রয়েছে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ২০ মাস আগে বাঁধ নির্মাণের জন্য একজন সাংসদ ও চট্টগ্রাম বন্দরের একজন সাবেক কর্মকর্তাকে দায়ী করেন। অপরিকল্পিত বাঁধ নির্মাণের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার দাবি জানান।