দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ওয়ার্ড কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে ভবন নির্মাণের সময় পাইলিংয়ের মাটি খাল ও নালায় ফেলা হলে এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা ব্যবস্থা নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দায়িত্ব পাওয়া কাউন্সিলররা খাল-নালায় মাটি ও কাদা ফেলার দায়ে জরিমানা করতে পারবেন। এমনকি নির্মাণাধীন ভবনের কাজও বন্ধ করে দিতে পারবেন।সভা সূত্র জানায়, সভায় একাধিক কাউন্সিলর বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন প্রতিবছর খাল ও নালাগুলো পরিষ্কার করে। কিন্তু পরের বছরই দেখা যায়, খাল-নালাগুলো আবার ভরাট হয়ে গেছে। এতে আবার নতুন করে খালের সংস্কার করতে হয়।কাউন্সিলররা বলেন, খাল ও নালায় যেসব মাটি আসে তার বেশির ভাগই ফেলে নির্মাণপ্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে নির্মাণপ্রতিষ্ঠানগুলো কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা করে না। বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্মাণপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ভিত্তিতে ভবন নির্মাণ করে। আর পাইলিংয়ের সব মাটি ফেলে নালায়। এ জন্য আমরা বলেছি, প্রতিটি ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে একটি নির্দিষ্ট হারে ফি দিতে হবে। ওই টাকায় সিটি করপোরেশন পাশের নালা ও খাল সংস্কার করবে। এতে বর্ষায় জলাবদ্ধতা হবে না। সিটি করপোরেশনের তহবিলেরও সংকট হবে না।’সভায় আগামী জুন মাস পর্যন্ত রাজস্ব বিভাগের কোনো কর্মীকে পদোন্নতি, পদাবনতি কিংবা বদলি করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।