দায়ীদের বরখাস্ত করতে সময় চায় সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ দুই হাজার ৬৬৭ কোটি টাকা এবং কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। পর্ষদের আলোচনায় উঠে আসে যে, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য সোনালী ব্যাংকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককেও সতর্ক থাকতে হবে। এদিকে, অনিয়মের দায়ে কেন্দ্রীয় ব্যাংক যেসব কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে, তা পরিপালন করতে সময় চাইবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবারের মধ্যে মোট ২৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার পর্ষদের ৩৩২তম বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন। পর্ষদের সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অধ্যাপক হান্নানা বেগম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এম কে মুজেরী, পর্ষদের সচিব আহমেদ জামাল এবং চার ডেপুটি গভর্নর বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অধ্যাপক হান্নানা বেগম সাংবাদিকদের বলেন, হলমার্কের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার স্থায়ী সমাধান খুঁজে বের করা দরকার বলে পর্ষদে মত এসেছে। এ জন্য একটি কার্যপ্রণালি তৈরি করা হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এ সময় সাংবাদিকদের বলেন, ‘সভায় সোনালী ব্যাংক ও হলমার্ক অর্থ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে পর্ষদ সদস্যদের শুধু অবহিত করা হয়েছে। আগামী পর্ষদ সভায় এ ব্যাপারে মতামত দেবেন তাঁরা।’ সভায় বাংলাদেশ ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুমোদিত হয়। আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণেও বেশি নিট মুনাফা হয় কেন্দ্রীয় ব্যাংকের। ২০১০-১১ অর্থবছরে নিট মুনাফা হয়েছিল এক হাজার ৬৬৪ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে তা হয়েছে তিন হাজার ৪৮১ কোটি টাকা। এদিকে, গতকাল সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই জালিয়াতির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পৃক্ততা নেই। ব্যাংকের তদানীন্তন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির কেলেঙ্কারির বিষয়টি পর্ষদকে অবহিত করেননি। যথাসময়ে বিষয়টি পর্ষদকে জানানো হলে জালিয়াতি ঠেকানো সম্ভব হতো। এ সময় বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, পরিচালক কাশেম হুমায়ুন, কে এম জামান। কে এম জামান বলেন, ব্যাংকে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় পর্ষদের কোনো ভূমিকা নেই। ব্যাংকের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। পরিচালনা পর্ষদ বিষয়টি জানলে অনিয়ম হতো না। প্রদীপ কুমার দত্ত বলেন, ব্যাংক কর্তৃপক্ষ আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জন্য চেষ্টা করছে। এ ছাড়া রূপসী বাংলাসহ বিভিন্ন শাখায় সংঘটিত অনিয়মের আইনি বিষয়টি খতিয়ে দেখার জন্য আনিসুল হককে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।