ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীদের পুলিশের লাঠিপেটা
দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চেয়েছেন হাইকোর্ট
বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার বিচার চাইতে গিয়ে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
গত সোমবার এই রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ। গতকাল আবেদনটির পক্ষে আদালতে শুনানি করেন ইউনূস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
ইউনূস আলী প্রথম আলোকে বলেন, আদেশের পাশাপাশি আদালত রুলও দিয়েছেন। রুলে লাঠিপেটা ও মারধরের ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা আদালত জানতে চেয়েছেন। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এবং রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার, শাস্তি প্রদানসহ ছয় দফা দাবিতে গত রোববার দুপুরে ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। তবে ডিএমপি কার্যালয়ে যাওয়ার আগেই পুলিশ তাঁদের বেধড়ক মারধর করে রাস্তা থেকেই তাড়িয়ে দেয়। ছাত্র ইউনিয়ন জানায়, পুলিশের লাঠিপেটা ও মারধরে তাদের ৩৪ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে।