দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিপইয়ার্ডগুলোতে সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম দেখতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনেরও সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটি এটিসহ আরও কিছু সুপারিশ করে। সংসদীয় কমিটি জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সভায় গত সপ্তাহে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা যথাযথ নিরাপত্তা উপকরণ ছাড়া বিপজ্জনক পরিবেশে কাজ করার ফলে প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সভায় গাজীপুর ও ময়মনসিংহে বন বিভাগের দখল হওয়া জমি উদ্ধারে ব্যবস্থা গ্রহণ এবং বরিশালে গাছ কেটে কয়লা তৈরির কারখানার ছাড়পত্র দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। কমিটি রাবার চাষের নীতিমালার খসড়া উপস্থাপনের জন্যও মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়। কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, এম এ জব্বার, সোহরাব আলী সানা, গোলাম সবুর, গিয়াস উদ্দিন আহমদ, পারভীন তালুকদার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেছবাহ উল আলম এবং পল্লী উন্নয়ন ও সমবায় সচিব (সাবেক পরিবেশ) মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।