দায়ের কোপে স্বামীর হাত বিচ্ছিন্ন, স্ত্রীও জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দায়ের কোপে এক ব্যক্তির কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তাঁর স্ত্রীও জখম হয়েছেন। গত সোমবার বোবারতল-ইসলামনগর গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন বেলাল আহমদ (৫৬) ও তাঁর স্ত্রী আয়রুন বেগম (৪৫)। তাঁদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বোবারতল-ইসলামনগর গ্রামের বেলাল আহমদ ও তাজিম উদ্দিনের (৩৮) মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি জমির গাছ থেকে লেবু চুরির ঘটনায় উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও বৃদ্ধি পায়। গত রোববার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাজিম উদ্দিনের বাম কান কেটে যায়। তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাজিম উদ্দিনের বাবা আবদুস শুকুর সোমবার বেলাল, আয়রুন ও তাঁদের ছেলে কামরুল হোসেনকে (২২) আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই কামরুলকে গ্রেপ্তার করে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, তাজিম উদ্দিনের লোকজন সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বেলাল আহমদের বাড়িতে হামলা করেন। এ সময় হামলাকারীদের দায়ের কোপে বেলাল আহমদের বাম কনুই থেকে থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় আয়রুন বেগমও আহত হন। রাত সোয়া সাতটার দিকে আত্মীয়স্বজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার গতকাল মঙ্গলবার বলেন, রোববার তাজিম উদ্দিনের কান কেটে গেছে। সোমবার বেলাল আহমদের কনুইর ওপর থেকে বাম হাত কেটে আলাদা হয়ে গেছে। তাঁর ঘাড়ে ও হাঁটুতেও কোপ রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত আছে। আগের মামলায় গ্রেপ্তার হওয়া কামরুল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হবে।