দায়ের কোপ ও গুলিতে আহত দুজন ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের প্রত্যন্ত গ্রাম কাঞ্চনপুরে বুধবার দিবাগত রাতে একদল সশস্ত্র ডাকাত একটি ইটভাটায় হামলা চালায়। ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে ভাটার মালিকের ছোট ভাই শামীম রেজা চৌধুরী (৫০) এবং তাদের গুলিতে শ্রমিক আনাম মিয়া (৪৮) গুরুতর আহত হন।আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে ইটভাটার এক শ্রমিক পেটের পীড়ায় ভুগছিলেন। তাঁর পেটের ব্যথার চিৎকারে শামীম রেজা চৌধুরীসহ ইটভাটায় অবস্থানকারী অন্য চারজন তাঁর সেবাশুশ্রূষা করছিলেন। এভাবে রাত ১১টা বেজে যায়। এ অবস্থায় ইঞ্জিনচালিত একটি নৌকায় করে সাদা পোশাক পরা ১০-১২ জনের একটি ডাকাতদল ইটভাটার অদূরে নদীতে ইঞ্জিন বন্ধ করে নৌকাটি ভাটার কাছে নিয়ে তাৎক্ষণিকভাবে হামলা চালায়। তারা প্রথমে শামীম রেজা চৌধুরীকে পেয়ে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তিনি চিৎকার দিয়ে দৌড়ে ঘরে ঢোকেন। এ সময় শুশ্রূষায় নিয়োজিত শ্রমিকসহ অন্যরা ঘরের দরজা বন্ধ করে দেন। ঘরের দরজার ছিটকিনি ধরে রেখেছিলেন আনাম মিয়া। ডাকাতেরা তখন আনাম মিয়াকে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় রোগাক্রান্ত শ্রমিকের বাবা ফকির মিয়া ইঞ্জিনচালিত একটি নৌকায় করে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ইটভাটায় আসতে থাকেন। ইঞ্জিনের শব্দ শুনে ডাকাতেরা ধারণা করে, গ্রামবাসী তাদের ধরতে নৌকা নিয়ে এগিয়ে আসছে। তখন ডাকাতদল তাৎক্ষণিকভাবে তাদের নৌকায় করে দ্রুত পালিয়ে যায়।