দায়ের কোপে যুবকের মৃত্যু আদিবাসী গ্রামে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দায়ের কোপে অমল বাল্মিক দাস (২৪) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি পানপুঞ্জির দুই পাহারাদার তাঁকে দা দিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় উত্তেজিত শ্রমিকেরা গতকাল বুধবার দুপুরে ভারতীয় সীমান্তবর্তী আদিবাসী গ্রামে হামলা চালিয়ে একটি পাহারাচৌকিতে অগ্নিসংযোগ ও পানের জুম তছনছ করেন। এ সময় দুজন চা-শ্রমিক গুলিবিদ্ধ এবং উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন।চা-শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে উপজেলার হরিণছড়া চা-বাগান সংলগ্ন নাহার কাইলিন পানপুঞ্জির চৌকিদার মো. আলাউদ্দিন ও মো. আবদুল আহাদ চোর সন্দেহে অমলকে কুপিয়ে আহত করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাতেই তিনি মারা যান। অমল হরিণছড়া চা-বাগানের শ্রমিক হরি কুমার বাল্মিক দাসের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে কয়েকটি চা-বাগান থেকে ৬০০-৭০০ লোক তীর-ধনুকসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে নাহার কাইলিন পানপুঞ্জিতে হামলা চালায়। হামলাকারীরা জুমে ঢুকে পান লুট এবং গাছ কেটে তছনছ করে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারীরা গ্রামের একটি পাহারাচৌকিতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা তীর ছুড়তে ছুড়তে খাসিয়াদের বসতির দিকে অগ্রসর হলে আশপাশের কয়েকটি পুঞ্জি থেকে খাসিয়া যুবকেরা হামলাকারীদের প্রতিরোধ করতে এগিয়ে আসেন। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি গুলির শব্দও পাওয়া যায়। এতে দুজন গুলিবিদ্ধ ও উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ পুটিয়াছড়া চা-বাগানের শ্রমিক বালি তন্তুবায় ও সঞ্জু তন্তুবায়কে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অহত অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হত্যার ঘটনায় নিহত অমলের বোন বাসন্তী বাল্মিক দাস মামলা করেছেন। মামলায় নাহার কাইলিন পানপুঞ্জির মন্ত্রী (গোষ্ঠী প্রধান) ফেরলি খাসিয়া এবং পাহারাদার মো. আলাউদ্দিন ও মো. আবদুল আহাদকে আসামি করা হয়েছে।পানপুঞ্জির মন্ত্রী ফেরলি সুরং বলেন, একটি পক্ষ তাঁদের উচ্ছেদ করার পাঁয়তারা করছে। আবারও হামলার আশঙ্কায় পুঞ্জির নারী ও শিশুরা পাশের অন্য পুঞ্জিতে আশ্রয় নিয়েছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। খাসিয়াপল্লিতে হামলার ঘটনায় মামলা হয়নি।