সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন দিক থিয়েটারের যুগপূর্তি উৎসব গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যুগপূর্তি উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসব উপলক্ষে প্রকাশিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান জায়েদা শারমিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকা প্রমুখ। প্রথম দিন দিক থিয়েটারের পরিবেশনায় রাজদর্শন নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটি লিখেছেন মনোজ মিত্র ও নির্দেশনা দিয়েছেন খাদিজা সাবরিন। দিক থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদ-উর-রহমান জানান, আজ শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে শেষের কবিতা নাটকটি প্রদর্শিত হবে।