ছাপাখানা খুলে দিয়ে দৈনিক আমার দেশ প্রকাশ, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার চালু করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সম্পাদকেরা এই আহ্বান জানান।
বিবৃতিতে আমার দেশ-এর ছাপাখানায় তালা দিয়ে পত্রিকা ছাপা বন্ধ করা, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ, বিকল্প ব্যবস্থায় ছাপতে না দিয়ে আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকেরা। তাঁরা মনে করেন, সরকারের এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর আশঙ্কাজনক হুমকি।
বিবৃতিতে সম্পাদকেরা বলেন, মাহমুদুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার করে আমার দেশ পত্রিকার ছাপাখানায় তালা লাগিয়ে দেওয়া এবং কোনো কারণ না দেখিয়ে দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। এর অনিবার্য পরিণতি হিসেবে অনেক সাংবাদিককে বেকারত্বের অন্ধকারে নিক্ষেপ করা কোনো নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তির পক্ষে অনুকূল নয়।
বিবৃতিতে বলা হয়, একজন সম্পাদককে গ্রেপ্তার, পত্রিকার প্রকাশনা ব্যাহত ও দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক বার্তা দিচ্ছে। একই সঙ্গে দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত ও বিবেচিত হচ্ছে।
বিবৃতিতে সই করেন ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম।