দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালুর দাবি
দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার পুনরায় চালু করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে পূর্বনির্ধারিত এক সভায় যোগ দিয়ে চ্যানেল দুটি চালুর দাবি জানিয়েছেন। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেছেন, এটি সাময়িক ব্যবস্থা। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তথ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বেসরকারি টেলিভিশন নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি হয়ে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক শাইখ সিরাজসহ বিভিন্ন চ্যানেলের মালিকেরা এ সময় উপস্থিত ছিলেন।এদিকে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। গতকাল এক বিবৃতিতে তাঁরা অবিলম্বে টিভি চ্যানেল দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।