দিঘলিয়ায় এক বাড়িতে তিনটি বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে কিবরিয়া নামের এক ব্যক্তির বাড়িতে গত সোমবার রাতে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কিবরিয়ার বাড়িতে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জর্দার কৌটার তৈরি অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করে। এ ছাড়া আলামত হিসেবে বিস্ফোরিত বোমার স্প্লিন্টার সংগ্রহ করা হয়। এ সময় কিবরিয়া পুলিশকে জানান, প্রতিবেশী আইনজীবী রেজাউল ইসলাম এবং তাঁর দুই ভাই আকতারুজ্জামান ও আসাদুজ্জামান এই বোমা হামলা চালিয়েছেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেছেন। অস্ত্রের আঘাতে কেটে যাওয়া পরিধেয় একটি শীতবস্ত্র কিবরিয়া পুলিশকে দেখান।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণের ঘটনাটি রহস্যময়। পারিপার্শ্বিক অবস্থা দেখে বিস্ফোরণের সঙ্গে কিবরিয়া জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি এ ঘটনার সঙ্গে প্রতিবেশী এক আইনজীবী ও তাঁর দুই ভাইকে দায়ী করেছেন। এ ছাড়া অস্ত্রের আঘাতে পরিধেয় বস্ত্রের যে অংশ কেটেছে, সে বরাবর কিবরিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।ওসি আরও জানান, রাতেই কিবরিয়াকে আটক করে থানায় আনা হয়। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।জানা গেছে, প্রতিবেশী আইনজীবী রেজাউল ইসলামের সঙ্গে জমি নিয়ে কিবরিয়ার বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী। আগামীকাল বৃহস্পতিবার মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য রয়েছে।