দিঘলিয়ায় একজনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার বাগমারা গ্রামে তৌহিদ মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার একজনকে গ্রেপ্তার করা হয়।নিহত তৌহিদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার ছিলিমপুর গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী রেশমা বেগম ২০ জনকে আসামি করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল রোববার পুলিশ জাকির মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। দিঘলিয়া থানা, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারের ইজারা তোলা নিয়ে ঠান্ডা মোল্লা ও নাহিদ মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এ কারণে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দাউদ মোল্লাকে ইজারা নেওয়ার দায়িত্ব দেন। দাউদ মোল্লার হয়ে ইজারা আদায় করতেন তৌহিদ। কিছুদিন আগে ঠান্ডা মোল্লার বাড়িতে গুলি করার ঘটনায় তৌহিদের নামে মামলা হয়। বেশ কয়েক দিন ধরে ঠান্ডা মোল্লাকে ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন তৌহিদ।এ কারণে ঠান্ডা ও নাহিদ মোল্লা এক হয়ে তৌহিদকে খুন করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁরা বাগমারা এলাকায় তৌহিদকে তাঁর স্ত্রী রেশমার সামনেই দা দিয়ে কোপান। একপর্যায়ে রেশমার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মুঠোফোনে নাহিদ মোল্লা ও ঠান্ডা মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তৌহিদকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, তৌহিদ মোল্লা একজন সন্ত্রাসী। তিনি শনিবার সন্ধ্যায় রাস্তায় একটি গুলি ফোটান। গুলির শব্দ শুনে এলাকাবাসী তাঁর ওপর হামলা চালায়।দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মো. আলী নেওয়াজ বলেন, নিহত তৌহিদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় হলেও ঘটনাস্থল খুলনার দিঘলিয়া থানা এলাকায়। সে কারণে দিঘলিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।